ফরিদপুর জেনারেল (সদর) হাসপাতালে দুদকের এনফোর্সমেন্ট অভিযানে উঠে এসেছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র। যার মধ্যে সরকার নির্ধারিত টিকিটের মূল্যে দ্বিগুন, রোগীদের মধ্যে সরবরাহকৃত নিম্নমানের খাবার ও সেবায় উপকরণের পরিমান কম, চিকিৎসক অনুপস্থিত, ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম সংরক্ষণে অব্যবস্থাপনা এবং নানা অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র উঠে এসেছে এ অভিযানে। এসব অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুদক।
রোববার (২২ নভেম্বর) বেলা ১১টা থেকে ফরিদপুর দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের উদ্যোগে এ অভিযান শুরু হয়। সহকারী পরিচালক মোস্তাফিজের নেতৃত্বে পাঁচ সদস্যের দল এ অভিযানে অংশ নেন। বিভিন্ন অনিয়মের অভিযোগে এ অভিযান অব্যাহত রয়েছে, যা আগামী দুই থেকে তিন দিন পর্যন্ত চলবে বলে জানিয়েছে দুদক ।

দুদক সূত্র জানায়, গোপন তথ্য ও একাধিক অভিযোগের বিষয়ে এ অভিযান শুরু হয়। এতে জরুরী বিভাগের টিকেট কাউন্টারে ৫ টাকার টিকিট ১০ টাকায় বিক্রির বিষয়টি হাতেনাতে ধরেন তারা। একই সাথে বিক্রিত টিকিটের সংখ্যা থেকে কয়েকগুন বেশি টাকারও সত্যতা পাওয়া যায়। একই সাথে নির্ধারিত চিকিৎসকদের অনুপস্থিত ও সময়মতো উপস্থিত না থাকার বিষয়ে সত্যতা পাওয়া যায় বলে দুদক জানায়। পাশাপাশি দন্ত বিভাগের এক চিকিৎসক কর্তৃক রোগীদের ব্যক্তিগত চেম্বারে যাওয়ার উদ্বুদ্ধকরণের সত্যতাও পান তারা।
অভিযোগ রয়েছে রোগী ও পরিবেশ ভেদে কখনো কখনো এ টিকিটের মূল্য নেওয়া হয় ১শ থেকে ৫শ টাকা পর্যন্তও।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশন জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোস্তাফিজ জানান, রোগীদের মধ্যে নিম্নমানের খাবার সরবরাহেরও সত্যতা পায় দুদক। যেখানে ৯৫ টাকা চাউলের পরিবর্তে নিম্নমানের চালের ভাত, ২’শ গ্রাম পাঙ্গাশ মাছের পরিবর্তে ৮০ গ্রাম মাছ রান্না করে সরবরাহেরও প্রমাণ মিলেছে। এছাড়াও ওষুধ সামগ্রী অরক্ষিতভাবে সংরক্ষণ করা হচ্ছিল এ হাসপাতালে।
এদিকে দুদকের অভিযানের খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমসহ সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, সরকারি হাসপাতালে ৫ টাকার টিকিট ১০ টাকা, ক্ষেত্রবিশেষে ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হলে এই অতিরিক্ত টাকা যাচ্ছে কোথায়? এর সঙ্গে কারা জড়িত? আর দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চললেও হাসপাতাল কর্তৃপক্ষ কেন তা ঠেকাতে পারেনি?
তবে অভিযান শেষে দুদক কী ব্যবস্থা নেয়, আর হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কী ব্যাখ্যা দেয় — সেদিকেই এখন তাকিয়ে রয়েছে এ প্রতিষ্ঠানে সেবা নিতে আসা রোগীসহ সমগ্র ফরিদপুরবাসী।