নওগাঁর আত্রাই উপজেলায় দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়েছে পতিসর-সমসপাড়া সড়ক। সড়কটির বিভিন্ন স্থানে অসংখ্য গর্ত সৃষ্টি হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কটির প্রায় এক কিলোমিটার অংশজুড়ে ছোট-বড় অনেক গুলো গর্তের সৃষ্টি হয়েছে।কোথাও পিচ ও খোয়া উঠে গেছে,আবার কোথাও তৈরি হয়েছে গভীর গর্ত। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এতে যানবাহন চলাচলে ঝুঁকি বাড়ার পাশাপাশি প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা।
এ সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য মানুষ উপজেলা সদর, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করেন। বিশেষ করে মোটরসাইকেল,অটোরিকশা, ভ্যান ও ইজিবাইক চালকদের চলাচলে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে।অনেক সময় গর্ত এড়িয়ে চলতে গিয়ে যানবাহন নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা তৈরি হচ্ছে ।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এ পথে চলাচল করতে হচ্ছে। দ্রুত সংস্কার করা না হলে দুর্ভোগ আরও বাড়বে।
এলাকাবাসীর দাবি, জনসাধারণের চলাচলের সুবিধা এবং নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত সড়কটি সংস্কারের উদ্যোগ নেয়।
তাদের প্রত্যাশা, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে পতিসর-সমসপাড়া সড়কটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করা হবে।