দিনাজপুরের পার্বতীপুরে নাশকতা, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় পলাতক আসামি মানতাশা আরফিন মেঘলাকে (৩৪) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তিনি পার্বতীপুর পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
শনিবার (২১ নভেম্বর) এসআরবি-১৩-এর মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংস্থাটির সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী।

সংস্থাটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নীলফামারীর সৈয়দপুর শহরে অভিযান চালানো হয়। এ সময় শহরের চাঁদনগর এলাকার ভাসানী রোডে অবস্থিত ‘হাসিনা মঞ্জিল’ ভবনের পঞ্চম তলা থেকে মেঘলাকে গ্রেপ্তার করা হয়। তিনি পার্বতীপুর উপজেলার বাবুপাড়া এলাকার প্রয়াত ডিএম মাসুদুর রহমানের মেয়ে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে কয়েকশ মানুষ সমবেত হন। সেখানে মামলার বাদী মুন্নি সরকার, তাঁর ছেলে আবির নবী দোয়াদসহ প্রায় ৪০০ আন্দোলনকারী উপস্থিত ছিলেন।
অভিযোগে উল্লেখ করা হয়, দুপুর সাড়ে ১২টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে এজাহারভুক্ত আসামিসহ ৬০ থেকে ৭০ জনের একটি দল সেখানে উপস্থিত হয়ে আন্দোলনকারীদের হুমকি দেয়। একপর্যায়ে তারা হামলা চালালে মুন্নি সরকার ও তাঁর ছেলে আহত হন।
এজাহারের বিবরণ অনুযায়ী, ঘটনার প্রায় এক ঘণ্টা পর দুপুর দেড়টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা বাদীর বাড়িতে হামলা চালান। এ সময় বাড়িতে ভাঙচুর করা হয় এবং মূল্যবান জিনিসপত্র ও স্বর্ণালংকার লুটের অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় পার্বতীপুর থানায় মামলা করেন ভুক্তভোগী মুন্নি সরকার।
এসআরবি জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা মেঘলাকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পার্বতীপুর মডেল থানায় হস্তান্তরের পর জেল হাজতে প্রেরন করা হয়।