নওগাঁর আত্রাইয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল ইসলাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অপরাধ দমনে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোহাইমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ ও বাজার মনিটরিং জোরদারসহ উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।