সঞ্জয় দাস, নীলফামারী জেলা প্রতিনিধি:
সোমবার (৩রা অক্টোবর) শারদীয় দুর্গোৎসবের অষ্টমীতে নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান।
এসময় তিনি উপস্থিত সকলের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজা মন্ডপে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিরাপত্তা কর্মীসহ সবাইকে দিক নির্দেশনা প্রদান করেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, দুর্গাপূজাকে ঘিরে সোশ্যাল মিডিয়া ও অন্যান্য মাধ্যমে ছড়ানো কোনো গুজবে কান না দিয়ে নিশ্চিন্তে উৎসব করুন, পুলিশ নিরাপত্তা দেবে। এবারের শারদীয় দুর্গাপূজা ডিমলা উপজেলার ৭৮টি পূজামন্ডপে অনুষ্ঠিত হচ্ছে। পূজা মন্ডপের গুরুত্বানুযায়ী বিভিন্ন শ্রেণীতে দায়িত্ব বিভক্ত করা হয়েছে। আপনারা দুর্গাপূজার উৎসব নিশ্চিন্তে করুন, রাষ্ট্র আপনাদের নিরাপত্তা দেবে। সোশ্যাল মিডিয়াসহ যেকোন গুজবের বিরুদ্ধে সচেতন থাকুন। কেউ মিথ্যা ও অসত্য তথ্য ছড়িয়ে দেশের নিরাপত্তা বিঘ্ন করার অপচেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে আয়োজক কমিটির উদ্দেশ্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন,শারদীয় দুর্গাপূজা নিরাপদে উদযাপনের লক্ষ্যে নীলফামারী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান (পিপিএম) মহোদয়ের দিকনির্দেশনায় পূজা চলাকালীন ও পূজা পরবর্তী তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি ক্যামেরায় অন্তর্ভুক্ত করণ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজা মণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/ চার্জার লাইটের ব্যবস্থা করা, আজান ও নামাজের সময় উচ্চশব্দে মাইক ব্যবহার না করা এবং শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনাসহ বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, এসআই, আবুল কালাম, এসআই, আক্তারুজ্জামান এবং বাংলাদেশ আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।