মা ইলিশ সংরক্ষণ অভিযান(০৭-২৮ অক্টোবর) উপলক্ষ্যে ইলিশ মাছ ধরা, কেনা-বেচা, মজুদ ও পরিবহন করবো না বলে শপথ গ্রহণ করলেন রাজবাড়ী সদর উপজেলার বরাট ও চন্দনী ইউনিয়নের প্রায় সহস্রাধিক মৎস্যজীবীরা(জেলে)।
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা বাজারস্থ এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২ উপলক্ষে (০৭-২৮ অক্টোবর) সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
সচেতনতা সভায় এ শপথ বাক্য পাঠ করান রাজবাড়ী সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব।
শপথ বাক্য: আমি শপথ করছি যে, আগামী ০৭ অক্টোবর হতে ২৮ অক্টোবর ২০২২ইং মোট ২২ দিন সময়কালে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন সময়ে ইলিশ ধরবো না, ইলিশ কেনা বেচা করবো না, ইলিশ মজুদ করবো না এবং ইলিশ পরিবহন করবো না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো এবং শতভাগ আইন মেনে চলবো।
সোমবার বিকাল ৪টায় পদ্মা নদীর তীরবর্তি উড়াকান্দা বাজারে এ সচেতনতা সভার আয়োজন করেন ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত রাজবাড়ী সদর উপজেলা টাস্কফোর্স কমিটি।
রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড: ইমদাদুল হক বিশ্বাস।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহাদাৎ হোসেন, সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব, উপজেলার মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, বরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী শামছুদ্দিন, ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক মো: ফরিদ উদ্দিন সেক সহ প্রমুখ।
অপর দিকে গত রবিবার বিকালে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তি ধাওয়াপাড়া এলাকায় এ সচেতনতা সভায় অনুষ্ঠিত হয়। চন্দনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রব’র সভাপতিত্বে রাজবাড়ী সদর উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা বৃন্দ সহ প্রায় ৩ শতাধিক মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।