রাজবাড়ীঃ
রাজবাড়ী বাপ্টিস্ট চার্চে গতকাল রোববার নানা আয়োজনের মধ্যে দিয়ে খ্রিষ্ট্রধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করা হয়েছে। আয়োজনের মধ্যে ছিল উপহার প্রদান, উপহার বিনিময়, নগর কীর্তন, বিশেষ প্রার্থনা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়।
রোববার সকাল সাড়ে ৮টায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এরপর কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম শফিকুল মোরশেদ, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
বক্তারা বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে বিভিন্ন ধমের মানুষ শান্তিপূর্ণ ও সৌর্হাদ্রময় পরিবেশে বসবাস করে আসছে। যে কোনো উৎসবে সবাই যোগদান করে। আবহমান কাল থেকে চলে আসা ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রাজবাড়ী বাপ্টিস্ট চার্চের যাজক জেমস হালদার বলেন, দিবসটি উদযাপন উপলক্ষে তিনদিনের কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়। পরশু গিফট এক্সচেঞ্জ, গিফট প্রদান করা হয়েছে। শনিবার শহর জুড়ে বাড়িতে বাড়িতে নগর কীর্তন অনুষ্ঠিত হয়েছে। রোববার ছিল বিশেষ প্রার্থনা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়।
প্রসঙ্গত, রাজবাড়ীতে গীর্জা রয়েছে মোট সাতটি। জেলায় প্রায় ৩০০ খ্রিস্টান ধর্মাবলম্বীরা বসবাস করেন।