রাজবাড়ীঃ
রাজবাড়ীতে ৮ জুন বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সভার শুরুতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণের ওপর পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। কর্মসূচি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছা. মোরশেদা খাতুন। এতে বক্তব্য দেন সিভিল সার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সূবর্ণা রানী সাহা। স্বাগত বক্তব্য দেন স্থাণীয় সরকার বিভাগের উপপরিচালক আসাদুজ্জামান রিপন। প্রশিক্ষণে সরকারি বিভিন্ন দপ্তর, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, বেসরকারি উন্নয়ন সংস্থা’র (এনজিও) প্রতিনিধি ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে চারটি দল তৈরি করা হয়। দলভিত্তিক আলোচনা শেষে বিভিন্ন প্রস্তাবনা পেশ করা হয়।
বক্তারা বলেন, তামাকজাত পণ্য আমাদের জন্য ক্ষতিকর। তামাক চাষ থেকে বিরত থাকার জন্য চাষীদের উদ্বুদ্ধ করতে হবে। এক্ষেত্রে কৃষি কর্মকর্তারা ব্যাপক ভূমিকা পালন করতে পারেন। তামাক উৎপাদন কমে গেলে ধূমপানের সংখ্যাও কমে যাবে। ধূমপান রাষ্ট্রীয় ভাবে নিষিদ্ধ করা হয়নি। তবে ধূমপান করার ক্ষেত্রে বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আইন তৈরি করা হয়েছে। এসব আইন অমান্য করলে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। তবে আমাদের নিজেদের সচেতন হতে হবে। পাশাপাশি অন্যদের সচেতন করার জন্য এগিয়ে আসতে হবে। ধূমপানের ক্ষতিকর দিকগুলো তুলে ধরতে হবে