রাজবাড়ী জেলা ঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গতকাল বুধবার বিকেলে অভিযান চালিয়ে দুটি ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান চালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন জেলা ব্যাটালিয়ন আনসারের সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) মনোয়ার হোসেন, বালিয়াকান্দি উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মো. পনিরুজ্জামান।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় বুধবার সকাল সোয়া ১১টা থেকে অভিযান শুরু করা হয়। অভিযান সম্পন্ন হয় বেলা সোয়া টায়। বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজার এলাকায় বিভিন্ন নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, ফার্মেসী ও ঔষধ সামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠানসহ বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয়। তদারকি কার্যক্রম পরিচালনাকালে নিষিদ্ধ পণ্যের উৎপাদন ও বিক্রয়রোধ, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ রোধসহ, মেয়াদ উত্তীর্ণ পণ্য, অননুমোদিত ও অবৈধ পণ্য বিক্রয় না করা, নির্ধারিত দামে চেয়ে বেশি দামে পণ্য বিক্রি না করার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে জামালপুর বাজারের ভোলানাথ ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে সাহা ফার্মেসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি বলেন, দুটি ফার্মেসীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে।