রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে হারিয়ে যাওয়া ৩৫টি মোবাইল উদ্ধার করে মালিকের কাছে ফেরত দেওয়া হয়। গতকাল রবিবার দুপুরে মোবাইল হস্তান্তর উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস বিফ্রিংয়ের আয়োজন করা হয়।
পুলিশ সুপারের সম্মেলন কক্ষে হারিয়ে যাওয়া ৩৫টি মোবাইলের মালিক জড়ো হন। এসময় পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইখতেখারুজ্জামান, সহকারী পুলিশ (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা প্রমূখ উপস্থিত ছিলেন। রাজবাড়ীর বিভিন্ন এলাকা থেকে এসব মোবাইল হারিয়ে গিয়ে ছিল। সাধারণ ডায়েরী দেখে এসব ফোনের উদ্ধার তৎপরতা কার্যক্রম পরিচালনা করা হয়।
শহরের বিনোদপুর হরিসভার বাসিন্দা লিমা আক্তার বলেন, প্রায় সাত আট মাস আগে হাসপাতাল গিয়ে ছিলাম। আমার এক আত্মীয় ভর্তি ছিল। তাকে এক বেড থেকে আরেক বেডে নেওয়া হয়। এতে সময় লাগে প্রায় দুই মিনিট। ফিরে এসে দেখি আমার ফোনটি নেই। অনেক খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোনও কাজ হয়নি। পরে থানায় সাধারণ ডায়েরী করি। আজ ফোনটি হাতে পেলাম। খুব ভালো লাগছে। কখনো ভাবি নাই আমার হারানো ফোন ফিরে পাবো। এখন খুব ভালো লাগছে।
শহরের বেড়াডাঙ্গা এলাকার বাসিন্দা মো. রবিন বলেন, মাসখানেক আগে আমার ফোনটি চুরি হয়ে ছিল। ফোনটি চুরি হওয়ার পর থানায় জিডি করি। আজ ফোনটি হাতে পেলাম। ফোন ফিরে পেতে আমার কোনো টাকাপয়সা দিতে হয় নাই।
পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি। জনগণের সেবাই আমাদের প্রধান কাজ। আমাদের নিয়মিত অভিযানের এটি অংশ। মাঝে মাঝে এ রকম মানুষের উপকার করতে পেরে আমরা আনন্দিত। আমরা আশা করি আপনাদের মোবাইল ফোন হারিয়ে গেলে আপনারা থানায় গিয়ে ডিডি করবেন।