মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের পার্বতীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। আজ ১৪ ডিসেম্বর পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা বঙ্গবন্ধু চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা ও পার্বতীপুর বদ্ধভূমি স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এরপর হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক, ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন (মোমিন), সদ্য যোগদানকৃত মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চিত্ত রঞ্জন রায়, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবিব। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলায় কর্মরত কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। বক্তারা বলেন, বিজয়ের মাত্র দুইদিন আগে এই দিনে দেশকে মেধাশূন্য করার পূর্বপরিকল্পনা নিয়ে ঘর থেকে তুলে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় বাঙালি জাতির সেরা শিক্ষক, সাংবাদিক, চিকৎসক, প্রকৌশলী, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ দেশের বরেণ্য কৃতী সন্তানদের। বুদ্ধিজীবীরা তাদের মেধা ও প্রজ্ঞার প্রয়োগ, শিল্প-সাহিত্যের চর্চা ও ক্ষুরধার লেখনীর মাধ্যমে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি এবং মহান মুক্তিযুদ্ধকে সাফল্যের পথে এগিয়ে নিতে অসামান্য অবদান রেখেছেন। তারা আরও বলেন, মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করে। বাংলাদেশ যতদিন থাকবে, মহান মুক্তিযুদ্ধে ঘৃণ্য হত্যাকান্ডের শিকার শ্রেষ্ঠ সন্তানদের জাতি শ্রদ্ধাভরেই স্মরণ করবে।