রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ছাগল চোরদের প্রস্তাবে রাজি না হওয়ায় ভোটকেন্দ্রের পাহারাদার গ্রাম পুলিশকে হত্যা করা হয়। শুক্রবার ৯ ফেব্রুয়ারী সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেসবিফ্রিংয়ে বক্তব্য দেন রাজবাড়ীর পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ।
এঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মুক্তার শেখ (২৮)। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার ঝাউকাঠি গ্রামের বাসিন্দা। মুক্তারের বাবার নাম আজিদ শেখ। ফিরোজ বিশ্বাসের চুরি যাওয়া ছাগল ও চুরির কাজে ব্যবহৃত ইজিবাইক উদ্ধার করা হয়েছে। ৬ জানুয়ারি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার সময় শ্বাসরোধে গ্রাম পুলিশ রঞ্জিত কুমার দে’কে হত্যা করা হয়।
পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, আসামী মুক্তার শেখের শ্বশুরবাড়ি চর আড়কান্দি গ্রামে। ঘটনার দিন রাতে চর আড়কান্দি গ্রাম থেকে ছাগল চুরি করা হয়। তিনজন এই ছাগল চুরি করেন। হত্যাকান্ডের স্থানে পোড়া মোবেল ও ইজিবাইকের চাকার দাগ পাওয়া যায়। পাশাপাশি ছাগল চুরির স্থানেও পোড়া মোবেল ও ইজিবাইকের চাকার দাগ পাওয়া যায়। এতে করে ছাগল চুরির সঙ্গে হত্যাকান্ডের সম্পৃক্ততা নিয়ে কাজ শুরু করা হয়।
তিনি বলেন, গভীর রাতে ইজিবাইকে ছাগল নিয়ে গেলে পুলিশের কাছে ধরা পড়ার আশঙ্কা ছিল। বিদ্যালয়ের আশেপাশে ফাঁকা স্থান থাকায় চোরেরা স্থানটিকে নিরাপদ ভাবে। তারা বিদ্যালয়ের পাশে ছাগল ও ইজিবাইক নিয়ে ভোরের জন্য অপেক্ষা করতে থাকে। এসময় প্রকৃতির ডাকে সাড়া দিতে কক্ষ থেকে বের হন গ্রাম পুলিশ রঞ্জিত কুমার দে। তিনি ছাগল ও ইজিবাইক দেখে এগিয়ে যান। রঞ্জিতকে ম্যানেজ করার জন্য চোরের দল তাকে ১০ হাজার টাকা দিতে চায়। তাকে নগদ দুই হাজার টাকা দেওয়া হয়। কিন্তু টাকা ফিরিয়ে দেন রঞ্জিত। তিনি পুলিশকে বিষয়টি জানিয়ে দিতে চান। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে গামছা দিয়ে শ্বাসরোধ করা হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পর রঞ্জিতের গলায় থাকা মাফলার ধরে টেনে হেঁছরে ঝোপের পাশে রেখে দেওয়া হয়। হত্যাকান্ডের কিছুসময় পরে চোরেরা সেখান থেকে পালিয়ে যায়। পরে হাটে নিয়ে ছাগল বিক্রি করে দেওয়া হয়।
প্রেসবিফ্রিংয়ের সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার, জেলা বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার রায় চৌধুরী, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, তদন্তকারী এসআই রাজিব প্রমূখ উপস্থিত ছিলেন।