খেলা ডেস্ক :
কাতার বিশ্বকাপের পর থেকেই একের পর এক চোটে ভুগছেন নেইমার। মাঠে ফিরে আসার সুযোগই পাচ্ছেন না। সর্বশেষ গত ১৮ সেপ্টেম্বর অনুশীলনের সময় ঊরুর চোটে পড়েন তিনি। এর পর থেকেই ছিলেন ছুটিতে। এরমধ্যে আর কোনো ম্যাচ খেলেন নি তিনি।
অবশেষে দীর্ঘ ৪৩ দিন বাদে বন্ধের ৯ ম্যাচ পর আবারও মাঠে ফিরলেন নেইমার। গতরাতে সান্তোসের হয়ে ব্রাজিলিয়ান লিগে ফোর্তালেজার বিপক্ষে বদলি হিসেবে নামেন জনপ্রিয় এই খেলোয়ার নেইমার । ম্যাচের ৬৭ মিনিটে সতীর্থ মিডফিল্ডার ভিক্টর হুগোর জায়গায় মাঠে নামেন তিনি। সব মিলিয়ে ২৩ মিনিট খেলেছেন নেইমার।
একটি ফ্রি কিকের সুযোগও পেয়েছিলেন তিনি। ফ্রি–কিকে গোল না পেলেও নেইমার যতক্ষণ মাঠে ছিলেন, ছিলেন প্রাণবন্ত। ২৩ মিনিটে দুটি শট নিয়েছেন, তিনটি সুযোগ তৈরি করেছেন। চারবার ড্রিবলের চেষ্টা করে সফল হয়েছেন দুটিতে। পরিসংখ্যান যতই বলুক, চোখে পড়েছে নেইমারের আত্মবিশ্বাস।
এই নেইমারকে দেখলে আশার আলো দেখতেই পারেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। ফিট নেইমার তাঁর দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা বহুবার বলেছেন তিনি। নেইমারও যেন গত রাতে সেই কথার সত্যতা প্রমাণ করলেন।