‘ঢাকায় বসে যা দেখা যায়—তা পুরো বাংলাদেশ নয়। ঢাকা কেন্দ্রিক চিন্তাধারা থেকে বেড়িয়ে সমগ্র দেশের তৃণমূল পর্যায়ে ক্রিকেট ছড়িয়ে দিতে নতুন বোর্ড সচেষ্ট। এ কারণে নতুন বোর্ড প্রধান আমিনুল ইসলাম নির্দেশ দিয়েছেন — ঢাকার বাইরের অভ্যন্তরীণ ক্রিকেটকে শক্ত করতে হবে।’ বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম পরিদর্শন শেষে স্থানীয়দের সামনে এসব কথা বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর।
তিনি বলেন, ‘প্রতিভা ধরে রাখতে বিসিবি বছরে অন্তত আট মাস ক্রিকেট চালুর পরিকল্পনা করেছে—অনূর্ধ্ব-১৪, ১৬, ১৮ ও ১৯ দলের নিয়মিত ক্যালেন্ডার নিশ্চিত করা হবে।’
স্থানীয় সংগঠকদের উদ্দেশ্যে তিনি বলেন, অনুশীলনের স্বার্থে একটি বোলিং মেশিন চাওয়া যায় যা অনুশীলনে সহায়তা করবে। তিনি বলেন, ‘১৯ বছরের পর অনেকে পড়াশোনার চাপ ও মানসিক অস্থিরতায় ক্রিকেট ছেড়ে দেয়। এর পরিপ্রেক্ষিতে দেশে ক্রিকেটে অনূর্ধ্ব-২১ ও অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট আনার পরিকল্পনা চলমান রয়েছে।’
এসময় আসিফ আকবর বলেন, ‘ঠাকুরগাঁওকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হলে তা দেশের অন্যান্য জেলায় ক্রমে প্রয়োগ করা সম্ভব হবে।’ স্টেডিয়াম পরিদর্শন করে মাঠ ও অতিরিক্ত অবকাঠামো উন্নয়নে দ্রুত উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
ঠাকুরগাঁও স্টেডিয়ামকে জাতীয় টুর্নামেন্ট ভেন্যু হিসেবে ঘোষণার প্রস্তাব জানিয়েছেন এবং অবকাঠামো উন্নয়নে দ্রুত কাজ শুরু করার আশ্বাস দেন আসিফ। তিনি বলেন, ‘ড্রেসিংরুম নির্মাণের দাবি নথিভুক্ত করা হয়েছে।
নারী ক্রিকেটারদের জন্য পৃথক ড্রেসিংরুম তৈরি করা হবে—এই দাবি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। পিচকভার দ্রুত সরবরাহ করা হবে এবং স্থায়ী গ্রাউন্ডম্যান নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া আন্তর্জাতিক মানের স্কোর বোর্ড, এক সাধারণ টার্ফ ও একটি সিন্থেটিক টার্ফসহ হার্ড উইকেট স্থাপনের পরামর্শ দেওয়া হয়েছে।
পরিদর্শনকালে রংপুর বিভাগের পরিচালক, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, স্থানীয় কোচ-সংগঠকরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিসিবির পরিচালক হাসানুজ্জামান ও মেম্বার সেক্রেটারি আরমান উল ইসলাম নয়নসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।