স্টাফ রিপোর্টার :
রাজবাড়ীতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপহার পাওয়া নাড়ু বিক্রেতা জন্মান্ধ আব্দুল গফুর মল্লিকের বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে লুটপাট করে দুর্বৃত্তরা এমন অভিযোগ গফুর মন্ডলের। এ ঘটনায় ১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জন্মান্ধ নাড়ু বিক্রেতা আব্দুল গফুর মল্লিক রাজবাড়ী জেলার সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী। এই আব্দুল গফুর মল্লিক হাতে ছড়ি নিয়ে সাপটে সাপটে জেলার লোকাল ও কমিউটার ট্রেন ও স্টেশনে নিজের বাড়িতে বানানো নাড়ু ও বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।
গফুর মল্লিকের পরিবার ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল গফুর মল্লিকের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তার বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে। এসময় ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা তারা নিয়ে যায়। হামলাকারীরা গফুর মল্লিকের ভাই হানিফ মল্লিকের বাড়িতেও হামলা চালিয়ে লুটপাট করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় শুক্রবার রাতেই গফুর মল্লিকের লালিত সন্তান বাতেন মল্লিক বাদী হয়ে খোলাবাড়িয়া গ্রামের সাদ্দাম শেখ, রেজাউল ইসলাম, নান্নু শেখসহ অজ্ঞাত কয়েকজনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেছেন।
রাজবাড়ী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম বলেন, গফুর মল্লিকের ভাতিজা হানিফ মন্ডল ও বাতেন মন্ডল তাদের প্রতিবেশি নান্নু শেখের ব্যবসায়িক অংশীদার। তাদের সঙ্গে ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। বাতেন মল্লিক গফুর মল্লিকের বাড়িতে থাকে। একারণে গফুর মল্লিকের বাড়িতে হামলা হয়েছে। এই হামলার ঘটনায় এখন পর্যন্ত ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কোনো রাজনৈতিক কারণে এই হামলা হয়নি বলে জানান তিনি।
উল্লেখ্য, ৭৫ বছর বয়সী জন্মান্ধ বৃদ্ধ আব্দুল গফুর মল্লিক দীর্ঘ দিন যাবত বাসে ও ট্রেনে নাড়ু বিক্রি করে জীবনধারণ করছেন। তার এই অদম্য জীবন সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ৩০ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সিনিয়র-ভাইস চেয়ারম্যান রুহুল কবির রিজভী তার বাড়িতে এসে তার হাতে ১ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তা উপহার সরূপ প্রদান করেন।