সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মারধর ও হত্যার হুমকির অভিযোগে কিশোর গ্যাংয়ের কথিত প্রধান রিজভীর বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নং বহুলী ইউনিয়নের ডুমুর হটা হাটখোলায় সচেতন জনসাধারণের ব্যানারে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, বাবু মিয়ার প্রতিষ্ঠিত কিশোর গ্যাংয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি এবং বিভিন্ন ব্যক্তিকে হত্যার হুমকি দিয়ে আসছে। তাদের দাবি, মাহমুদুলকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইমাজ উদ্দিন তালুকদারের কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।
সভায় আরও অভিযোগ করা হয়, ডুমুর হটার বাসিন্দা মানিকের ছেলেকে ছুরিকাঘাত করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এছাড়া তালহা, নুর আলমের ছেলে এবং বিলগাছিয়ার আশিকুলকে মারধরসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগও উত্থাপন করা হয়।
বক্তারা বলেন, শুধু এসব ব্যক্তি নয়, তাদের সমর্থক ও কর্মীদের পরিবার-পরিজনকেও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। একই সঙ্গে নির্বাচনী ব্যানার-পোস্টার নষ্ট করা এবং চাঁদা না দিলে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগও করেন তারা।
প্রতিবাদ সভা থেকে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।