রাজবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচারের আওতায় আনা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাজবাড়ী পৌর শহরের শ্রীপুরের বাসিন্দা মো রাকিবুল হাসান তার নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাকিবুল হাসান। তিনি বলেন, ২০২৩ সালে মে মাসে তিনি তিন শতাংশ জমি ক্রয় করেন। যেখানে তিনি বর্তমানে বসবাসরত রয়েছেন। এরপর বাড়ির জমি কম হওয়ায় ফিরোজ নামে এক ব্যক্তির নিকট থেকে তিনশ টাকার স্ট্যাম্পে লিখিত বায়নানামা করে জমি বাবদ ফিরোজকে ২ লাখ টাকা দেন। এরপর দুই ধাপে জমি বাবদ তিনি আরও ৩ লাখ টাকা দেন। কিন্তু ফিরোজ তার জমিটি রেজিস্ট্রি না করে দিয়ে স্থানীয় পেট্রোল পাম্পের মালিক পলাশের কাছে জমিটি বিক্রি করে দেয়। এরপর তিনি ফিরোজের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
রাকিবুল বলেন, টাকা দেওয়ার পর তিনি বাড়িতে ঘর তোলার কাজ শুরু করেন। কিন্তু গত ২৯ জুন পলাশ পাম্পের মালিক আক্তারুজ্জামান খানের ইন্ধনে পাম্পের ম্যানেজার লোকমান হোসেন ও ফিরোজ আহম্মেদ সন্ত্রাসীদের নিয়ে এসে তার নির্মাণাধীন বাড়ির বারান্দার প্রাচীর ভেঙ্গে দেয়। তারা বাধা দেওয়ার চেষ্টা করলে তারা তাদেরকেও মারধর করে। এই বিষয়ে তিনি রাজবাড়ী সদর থানায় অভিযোগ দায়ের করেন। এরপর আবারও গত ১১ জুলাই রাতে তার বাড়িতে অতর্কিত হামলা চালায় মুখোসধারী সন্ত্রাসীরা। হামলার ভয়ে বাড়ি থেকে বের হচ্ছেননা। বাচ্চাদের স্কুলে যাওয়াও বন্ধ হয়ে গেছে। এক প্রকার আতঙ্কের মধ্যে তারা দিন পার করছেন।
প্রশাসনের কাছে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে জানমালের নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি।