শরীয়তপুরের সখিপুরে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ঔষুধ বিতরণ করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টা থেকে ডি.এম.খালী বাজারে (মসজিদ সংলগ্ন ব্রিজের দক্ষিণ পাশে) আল-মানহাল ইসলামী একাডেমিতে এ চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়।
আল-ইসলাহ ইসলামী সেবা সংস্থার উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্পটি এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পে মেডিসিন, শিশু, গাইনি ও প্রসূতি এবং চক্ষু বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় ঔষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আব্দুর রাজ্জাক, শিশু বিষয়ক চিকিৎসক ডা. জি.এম. রাজিব হোসাইন, গাইনি ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. খাদিজা আক্তার সালমা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. জোবায়ের এবং চক্ষু বিশেষজ্ঞ ডা. হাসিন আহমেদ।
বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে স্থানীয় রোগীরা সন্তোষ প্রকাশ করেন। সেবাগ্রহণকারীরা চিকিৎসকদের আন্তরিকতা ও সেবার মানের প্রশংসা করেন।
আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।