ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বিদ্যমান সংকট নিরসন, একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণ ও বিভিন্ন ব্যর্থতার প্রতিবাদে এবং সততা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি সচেতন গ্রাহক ফোরাম, নাগেশ্বরী উপজেলা শাখা’-এর ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইসলামী ব্যাংকের নাগেশ্বরী শাখা কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। উক্ত কর্মসূচিতে ব্যাংকের সাধারণ আমানতকারী, স্থানীয় ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান উপদেষ্টা নাগেশ্বরী উপজেলা ইসলামী ব্যাংক শাখা, মাওলানা আব্দুল মান্নান মিয়া বলেন, প্রতিষ্ঠানটির ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠা ও স্বাভাবিক লেনদেন পরিস্থিতি ফিরিয়ে আনতে অবিলম্বে অভিজ্ঞ, দক্ষ ও সর্বজনগ্রাহ্য ব্যক্তিদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন করা আবশ্যক। একচ্ছত্র সিদ্ধান্ত গ্রহণের সংস্কৃতি পরিহার করে গ্রাহকদের কষ্টের উপার্জিত আমানতের সুরক্ষা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা জোরালো দাবি জানান।