সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণের পাস-পারমিট নেওয়া জেলের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। বনদস্যুদের চাঁদাবাজি, অত্যাচার ও নির্যাতনের ভয়ে অনেক জেলে বনে যেতে সাহস পাচ্ছেন না। এতে একদিকে জীবিকা নিয়ে সংকটে পড়েছেন উপকূলের জেলেরা, অন্যদিকে কমেছে বন বিভাগের রাজস্ব আয়।
সুন্দরবন খুলনা সার্কেলের কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে সুন্দরবনে প্রায় ১২ হাজার বিএলসিধারী নিবন্ধিত জেলে রয়েছেন। পূর্ব বন বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এবং পশ্চিম বন বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের ১৬টি ফরেস্ট স্টেশনের মাধ্যমে তাঁরা মাছ ও কাঁকড়া আহরণের পাস-পারমিট নিয়ে বনে প্রবেশ করেন।
তবে বনদস্যুদের তৎপরতা ও চাঁদাবাজির কারণে তাঁদের বড় একটি অংশ বনে যেতে পারছেন না। সংশ্লিষ্ট ফরেস্ট স্টেশনগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, দুই বছর আগের তুলনায় বর্তমানে প্রায় এক-তৃতীয়াংশ জেলে পাস-পারমিট নিয়ে মাছ, কাঁকড়া ও মধু আহরণ করছেন।
কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের কর্মকর্তা সাদিকুর রহমান জানান, তাঁর স্টেশনে ৯ হাজার বিএলসিধারী নিবন্ধিত জেলে রয়েছেন। গত অক্টোবর ও নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত মাত্র ৪০০ জন মাছ ও কাঁকড়া আহরণের পাস-পারমিট নিয়েছেন।
বানিয়াখালী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা কে এম রাশেদ সাদাত জানান, তাঁর স্টেশনে ৭ হাজার বিএলসিধারী জেলের মধ্যে অক্টোবর মাসে মাত্র ২৮০ জন পাস-পারমিট নিয়েছেন। অন্যদিকে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মাহবুবুল আলম জানান, তাঁর স্টেশনে ১১ হাজার বিএলসিধারী জেলের মধ্যে নভেম্বরের প্রথম সপ্তাহে ৩৬৫ জন পাস-পারমিট নিয়ে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণে গেছেন।
বন কর্মকর্তারা বলছেন, জলদস্যুদের চাঁদাবাজি ও নির্যাতনের কারণে জেলেদের বনে প্রবেশ কমেছে। এর প্রভাব পড়েছে বন বিভাগের রাজস্ব আয়ে।
এদিকে দস্যুদের অত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে সুন্দরবননির্ভর জেলেরা খুলনা রেঞ্জের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন সড়ক এবং সাতক্ষীরা রেঞ্জের কৈখালী ফরেস্ট স্টেশনের ভেটখালী এলাকায় কয়েক দফা মানববন্ধন ও সভা-সমাবেশ করেছেন। বনদস্যু নির্মূলের দাবিতে কয়েক দিন আগে কৈখালী ফরেস্ট স্টেশনের কাছে সুন্দরবনে প্রবেশমুখের একটি খালের সামনে শতাধিক ডিঙি নৌকা নিয়ে নৌবন্ধনও করেন তাঁরা।