রাজবাড়ীতে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অরুণোদয়ের উদ্যোগে ‘যন্ত্র বাজাও অন্তর জাগাও, অন্তরে অন্তরে’ প্রতিপাদ্য সামনে রেখে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের পান্না চত্বর এলাকায় রাজবাড়ী মহিলা পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের মুখপাত্র অঙ্কন রানা। এসময় অরুণোদয়ের সাধারণ সম্পাদক শ্রাবণী দত্ত জয়া, যুগ্ম সাধারণ সম্পাদক দীনার লাকী উপস্থিত ছিলেন। রাজবাড়ীর কৃতিসন্তান সদ্য প্রয়াত আইনজীবী সৈয়দ রফিকুছ সালেহীন অনুষ্ঠানটি উৎসর্গ করা হয়েছে। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমান সমাজে যে হারে মাদকের বিস্তার লাভ করেছে, ইভটিজিং হচ্ছে, মানবিক মূল্যবোধ বিপর্যয় হচ্ছে, তা রোধ করার জন্য সাংস্কৃতিক চর্চা জরুরী। আর এ সাংস্কৃতিক চর্চার একটি গুরুত্বপূর্ণ হতে পারে হাওয়াইয়ান গিটার উত্তম মাধ্যম।
বক্তবে বলা হয়, এটি হবে একটি ব্যতিক্রম অনুষ্ঠান। বাংলাদেশের মানুষের বিশেষ করে রাজবাড়ীবাসীকে একটি বিশেষ বাদ্যযন্ত্র হাওয়াইয়ান গিটার সম্পর্কে জানতে পারবে। রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রথম বারের মতো মোহনীয় সুরের বাদ্যযন্ত্র হাওয়াইয়ান গিটার নিয়ে মনোমুগদ্ধকর অনুষ্ঠান। অনুষ্ঠানটির নাম দেওয়া হয়েছে পঞ্চনদীর মিলনোৎসব । কারণ ঢাকা, নারায়ণগঞ্জ ও রাজবাড়ী জেলার গিটার শিল্পীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৈচিত্র্য আনার জন্য রাজবাড়ীর প্রখ্যাত নৃত্য পরিচালক আবদুস সাত্তার কালুর পরিচালনায় নৃত্য থাকবে। সেই সঙ্গে মোহনীয় সুরের এ যন্ত্রটির দীর্ঘদিন চর্চা ধরে রেখেছেন রাজবাড়ীর তিন কন্যা প্রখ্যাত সাতারু শীলু, শ্রাবণী দত্ত জয়া ও দীনার লাকি। যে অনুষ্ঠানটি হতে যাচ্ছে মূলত এ তিন কন্যার অবদান।