আহসান হাবীব নাহিদ গাইবান্ধা জেলা প্রতিনিধি :
মহান জাতীয় সংসদের ৩৩-গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের উপ-নির্বাচনে ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় ও সাঘাটা-ফুলছড়ি উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার মোঃ আব্দুল মোতালিব।
তাদের মধ্যে রয়েছে মোঃ মাহমুদ হাসান রিপন (আওয়ামী লীগ), এএইচ এম গোলাম শহীদ রঞ্জু (জাতীয় পার্টি), এ্যাড জাহাঙ্গীর আলম (বিকল্প ধারা), নাহিদুজ্জামান নিশাদ (স্বতন্ত্র), সৈয়দ মাহবুবুর রহমান (স্বতন্ত্র), এইচ এম এরশাদ (স্বতন্ত্র), শাহ্ মোঃ আবু বকর সিদ্দিক (স্বতন্ত্র), মোঃ শহিদুল ইসলাম সরকার (স্বতন্ত্র) ও সৈয়দ বেলাল হোসেন ইউসুফ (স্বতন্ত্র) প্রার্থী। সকল প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করে তাঁরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচনে জয়ী হয়ে এলাকার উন্নয়নে বলিষ্ঠ ভুমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে মাহমুদ হাসান রিপন সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, গাইবান্ধার ৫ আসনে নৌকার জোয়ার বইছে। এই উপ-নির্বাচনে নৌকার কোনো বিকল্প নেই। তিনি আরও বলেন, সাঘাটা ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১২ অক্টোবরের নির্বাচনে জনগনের আশা আকাঙ্খার প্রতীক নৌকা জয়ী হবে। তিনি নির্বাচিত হলে বালাসী ও বাহাদুরাবাদঘাট পর্যন্ত ট্যানেল নির্মাণ, আমার গ্রাম হবে আমার শহর, প্রতিটি গ্রাম উন্নয়নে আধুনিকতার ছোঁয়া লাগবে এবং এই দুই উপজেলার উন্নয়নের অসমাপ্ত কাজ বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. ফজলে রাব্বি মিয়ার মৃত্যুজনিত কারনে ৩৩-গাইবান্ধা-৫ (সাঘাটা- ফুলছড়ি) আসনটি শুন্য হয়। আগামী ১২ অক্টোবর এই শুন্য আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।