রাজবাড়ী পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, বোমা ও ধারালো অস্ত্রসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার সকালে তাদের বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। দুপুরে তাদের রাজবাড়ী আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো হাবাসপুর ইউনিয়নের সোহরাব মন্ডলের ছেলে রুবেল হোসেন (১৯), জিয়ারুল মন্ডলের ছেলে রাজিব মন্ডল (২০), ফজলুল শেখের ছেলে খোকন শেখ (২২) এবং আকবার মন্ডলের ছেলে সিরাজুল ইসলাম (৪৫)। তাঁরা সবাই মাঠপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশের দাবি, তাদের কাছ থেকে স্ট্যানগানের মতো দেশীয় একটি পাইপগান, একটি ধারালো ছোড়া, একটি ধারালো চাপাতি এবং অবিস্ফোরিত চারটি বোমা উদ্ধার করা হয়েছে।
পাংশা থানা সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান। অভিযানে মাঠপাড়া এলাকা থেকে চারজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেশীয় পাইপগান ও অবিস্ফোরিত চারটি ককটেল বোমা উদ্ধার করা হয়। অভিযান সম্পন্ন হয় ভোরে।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, বোমা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক দ্রব নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করেছেন। এসআই মাহবুব আলমকে অস্ত্র মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অপর মামলাটির দায়িত্ব দেওয়া হয়েছে এসআই আল মামুনকে।