রাজবাড়ী পাংশা উপজেলায় ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল, দশ লক্ষ টাকা সহ ছিনতাইকারী দলের সদস্য খালিদ বিন ওয়ালিদকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার ছিনতাইকারী খালিদ বিদ ওয়ালিদ পাংশা পৌরসভা এলাকার নারায়ানপুর গ্রামের মোঃ আজিজুল মন্ডলের ছেলে।
বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে আটটার সময় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে বৃহস্পতিবার সকালে থানা চত্ত্বরে এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুর রহমান।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুর রহমান বলেন, গত ১৬ অক্টোবর রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে নগদ মোবাইল ব্যাংকিংয়ের সেলস সুপারভাইজার দোলন চক্রবর্তীকে কুপিয়ে ১০ লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে চক্রটি।
স্থানীয়রা টের পেয়ে গেলে ছিনতাইকারীরা টাকার ব্যাগ ফেলে পালিয়ে যায়। এ সময় পুলিশ ১০ লক্ষ টাকা উদ্ধার করে ও আহত দোলন চক্রবর্তীকে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ওই দিনই পাংশা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।
ওসি আরো জানান, উন্নত প্রযুক্তির ব্যাবহার করে পাংশা সরদার বাসস্ট্যান্ড এলাকা থেকে মোঃ খালিদ বিন ওয়ালিদকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী ছিনতাইকাজে ব্যবহৃত একটি লাল রংয়ের মোটরসাইকেল নারায়নপুর গ্রামের নুরুল ইসলাম ভিশনের বসত বাড়ীর গোডাউন থেকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতকে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।