রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের খোশবাড়ি গ্রাম থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম ইদ্রিস শেখ (৪০)। তাঁর বাবার নাম কুদ্দুস শেখ। পেশায় দিনমজুর ইদ্রিস সদর উপজেলার খোশবাড়ি গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও থানা সূত্রে জানা যায়, ইদ্রিস মানসিক ভাবে কিছুটা বিষন্নতায় ছিল। তিনি মোট তিনটি বিয়ে করেন। প্রায় আট থেকে ১০ বছর আগে প্রথম স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়। এরপর প্রবাসী এক আত্মীয়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু এই বিয়েও তিন-চার মাসের বেশি টেকেনি। পরে তিনি আরেকটি বিয়ে করেন। স্ত্রী অধিকাংশ সময় রাজবাড়ী সদরে বসবাস করতেন। তিনি বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার রাতে তিনি বাজার সদাই করে বাড়িতে ফেরেন। বাজার সদাইয়ের সঙ্গে একটি কাঁচিও ছিল। বাড়িতে তিনি একাই ছিলেন। আর কেউ থাকে না। ইদ্রিসের বাড়ির পাশে তাঁর ভাইদের বাড়ি। বাজার সদাই ঘরের সামনে রাখার পর তিনি মারা যান। সকালে বাড়িতে ঘরের সামনে তাঁর মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক করে বা পয়জন পান করায় তাঁর মৃত্যু হয়েছে। আমরা মরদেহের ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপালে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মারা যাওয়ার প্রকৃত কারণ নিশ্চিত হতে পারবো।