রাজবাড়ীঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা থেকে তিন মাস আগে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বালিয়াকান্দি উপজেলার সীমান্তবর্তী ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের বিলসিংহনাথ মৌজার বিলের ধান ক্ষেত থেকে হাড়গোড় উদ্ধার করে। পড়ে থাকা প্যান্টের সাথে বেল্ট দেখে আল আমিনের হাড়গোড় বলে সনাক্ত করে স্বজনরা।
নিহতের নাম আল আমিন (১৭) । আল আমিন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের আকিদুল মোল্যার ছেলে।
জানাগেছে, বালিয়াকান্দি সদর ইউনিয়নের পাইককান্দি গ্রামের মোঃ আহাদ আলী ফকিরের ছেলে মিজানুর রহমানের মুরগী ফার্মে বেতনভূক্ত কর্মচারী হিসেবে কাজ করতো আল আমিন। রাতেও ফার্মে অবস্থান করতো। গত ৬ সেপ্টেম্বর রাতে খাওয়া শেষে মুরগী ফার্মেই ঘুমিয়ে পরে। পরদিন সকালে আর তাকে পাওয়া যায়নি। তার সন্ধান না পাওয়ায় গত ১১ সেপ্টেম্বর বালিয়াকান্দি থানায় একটি নিখোঁজ ডায়রী করেন আল আমিনের পিতা মোঃ আকিদুল মোল্লা । পরে তিনি রাজবাড়ী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি রাজবাড়ী সিআইডি তদন্ত করছেন।
মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, উপজেলার মেগচামী ইউনিয়নের বিল সিংহনাথ মৌজার একটি ধান ক্ষেতে হাড়গোড় পড়ে থাকতে দেখে বুধবার সকালে খবর দেয় স্থানীয়রা। পরে সেখানে উপস্থিত হয়ে হাড়গোড় উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। এসময় রাজবাড়ী ও ফরিদপুর জেলার উর্ধতন পুলিশ কর্মকর্তা, সিআইডি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী সিআইডির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, হাড়গোড় উদ্ধার করে মধুখালী থানা পুলিশ ফরিদপুর মর্গে প্রেরণ করেছেন। সেখান থেকে ডিএনএ টেস্ট করে নিশ্চিত হওয়া যাবে। তবে নিখোঁজ আল আমিনের ফুফাতো ভাই সাইমোন মোল্যা সেখানে পড়ে থাকা বেল্ট দেখে সনাক্ত করেন হাড়গোড় আল আমিনের। আমরা দ্রুতই সনাক্ত সহ তদন্ত কার্যক্রম আরও গতি এনে অপরাধী সনাক্ত করতে পারবো।