ছেলের জন্য খাবার নিয়ে যাওয়া হলো না
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের গঙ্গারামপুর তিন রাস্তার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম আবদুল মাজেদ মোল্লা (৫৫)। মাজেদ পেশায় লেপ তোষক ব্যবসায়ী ছিলেন। তাঁর বাড়ি শোলাবাড়িয়া গ্রামে। মাজেদের বাবার নাম আদিল উদ্দিন মোল্লা।
নারুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম বলেন, আবদুল মাজেদের নারুয়া বাজারে একটি লেপ তোষকের দোকান আছে। তিনি ও তাঁর ছেলে মামুন মোল্লা দোকানে কাজ করেন। দুপুরে তিনি মোটর সাইকেল যোগে ছেলের দুপুরের খাবার নিয়ে যাচ্ছিলেন। বাজারের পাশেই গঙ্গারামপুর তিন রাস্তা মোড় এলাকায় একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পথে তিনি মারা যান।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। গাড়ির চালক পলাতক রয়েছে। ঘাতক ড্রামট্রাক দিকে জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।