সাব্বির হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লায় দাউদকান্দির গৌরিপুর বাজারে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রাত ৮টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবলীগ নেতা কুমিল্লার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন। তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের ফজলুল হকের ছেলে। জানা যায়, গতকাল জামাল হোসেনকে গুলিবিদ্ধ অবস্থায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. মোয়াজ্জেম আহমেদ মৃত ঘোষণা করেন। চিকিৎসক বলেন, নিহতের বুকে গুলির চিহ্ন দেখা গেছে। আর কিছু দেখার আগেই স্বজনরা তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যান। ঘটনার পর গৌরীপুর বাজারে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য অবস্থান নিয়েছে। গৌরিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আসাদুজ্জামান বলেন, রাত ৮টার দিকে গৌরিপুর পশ্চিম বাজারে গুলির শব্দ পাই। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দেখি লোকজন একজনকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। শুনেছি বোরকা পড়ে এসে কেউ তাকে গুলি করে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।