সাব্বির হোসাইন,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দিতে যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম থেকে শনিবার (৬ মে) তাদের গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলো, শাহিনুল ইসলাম শিকদার (৪০), মো. ইসমাইল (৩৬) ও শাহ আলম (৩৬)। রবিবার (৭ মে) বেলা সাড়ে ১১টায় র্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানভীর মাহমুদ পাশা বলেন, হত্যাকাণ্ডের পর থেকে র্যাব-১১ এর একাধিক টিম ছায়া তদন্তে মাঠে কাজ করছে। র্যাব ঘটনাস্থলসহ আশপাশের বাড়িঘর ও স্থাপনার বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। র্যাবের গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার দিনে-রাতে ঢাকার রায়েরবাগ এলাকা থেকে শাহিনুল ইসলাম ও মো. ইসমাইল এবং চট্টগ্রাম থেকে শাহ আলম গ্রেপ্তার করা হয়।