রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গায় শিক্ষককে গুলি করে হত্যা করার ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে করে হত্যামামলায় মোট নয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের দাবি, টাকা ছিনিয়ে নিতে গুলি করে হত্যা করা হয়।
হত্যাকান্ডের ঘটনায় গত মঙ্গলবার বিকেলে নিহতের স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আট-দশকে আসামী করে মামলাটি দায়ের করেন।
নিহত শিক্ষকের নাম মিজানুর রহমান (৪৫)। তিনি পাংশা উপজেলার কলিমোহর ইউনিয়নের বসাকুষ্টিয়া গ্রামের বাসিন্দা ইব্রাহিম মন্ডলের ছেলে। মিজানুর পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান) হিসেবে কর্মরত ছিলেন। তিন সন্তানের জনক মিজানুর শিক্ষকতার পাশাপাশি হোসেনডাঙ্গা বাজারে সার, কীটনাশক ও ভূসি মালের ব্যবসা করতেন।
গ্রেপ্তার তিনজন হলেন, কলিমোহর ইউনিয়নের নওয়া বনগ্রামের সজীব শিকদার (২০), শেখ পাড়ার রাসেল মন্ডল (২০) ও সরিষা ইউনিয়নের কোলানগর গ্রামের রমজান শেখ (৪০)। এদের কাছ থেকে দুটি অস্ত্র ও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১১টার দিকে পাংশা থানায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা, পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।