রাজবাড়ী জেলা ঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় একটি ফার্মেসী থেকে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বুধবার সকাল তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম আশরাফুল ইসলাম (৩৫)। তিনি বালিয়াকান্দি উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় সেনা সুপার মার্কেটের মাজেদা ফার্মেসীর মালিক। আশরাফুলের বাবার নাম আলাউদ্দিন শেখ। তিনি উপজেলার বহরপুর ইউনিয়নের রায়পুর গ্রামের বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, আশরাফুল দীর্ঘদিন ধরে ফার্মেসীর আড়ালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে মাজেদা ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আশরাফুলের দেহ তল্লাশি চালিয়ে পরনে থাকা ট্রাউজারের পকেট থেকে ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। রাতেই বালিয়াকান্দি থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, আশরাফুলের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।