রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ী-কুস্টিয়া রেলপথের রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাবুপুর কছিমউদ্দিন বিদ্যাপিঠ এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহতের নাম বাবুল শেখ (২২)। তাঁর বাবার নাম বকু শেখ। পালিত বাবার নাম সৈয়দ আলী শেখ। বাবুল চন্দনী ইউনিয়নের জুকাই গ্রামের বাসিন্দা ছিল।
স্থানীয় বাসিন্দা আলী রেজা বলেন, মাস তিনেক আগে বাবুল বিয়ে করেছে। সকাল সাড়ে আটটার দিকে অন্যমনস্ক মনে রেললাইন দিয়ে হাঁটছিল। রাজবাড়ী রেলস্টেশন থেকে ছেড়ে আসা কুষ্টিয়ার পোড়াদাহগামী শার্টল ট্রেনের নিচে কাটা পড়ে। তাঁর একটি হাত ও পা কাটা পড়ে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
ট্রেনে কাটা পড়ে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু। তিনি বলেন, ট্রেনের নিচে কাটা পড়ে যুবক নিহত হওয়ার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তা পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।