দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কথিত আগুন সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন যুবদলের উদ্যোগে মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ই নভেম্বর) সন্ধ্যায় কিচক বাজারে বিএনপি কার্যালয়ের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ইউনিয়ন যুবদল, বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
কিচক ইউনিয়ন যুবদলের সভাপতি রমজান আলী রিপনের সভাপতিত্বে সমাবেশটি সঞ্চালনা করেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও কিচক ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মহসিন।
সমাবেশে বক্তারা বলেন, যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা মোকাবিলায় দেশজুড়ে জাতীয় ঐক্য বজায় রয়েছে। বক্তারা আরও দাবি করেন, শেখ হাসিনা আর কখনো বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবেন না। অথচ নেতার ফেরার ভুয়া আশায় তৃণমূলের সাধারণ কর্মীরা বলির পাঁঠার মতো ব্যবহৃত হচ্ছেন।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কিচক ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক রাব্বিন হোসেন, সিনিয়র সহ-সভাপতি নুর আলম, সিনিয়র যুগ্ম সম্পাদক ইমরান হোসেন ফরহাদ ফকির, উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আফছার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব,দপ্তর সম্পাদক হুমায়ুন কবির পলাশ, যুবদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শাহাজাদা সরকার, ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক রেজু আহমেদ, তাঁতি দলের সভাপতি এনামুল হক, কৃষক দলের সভাপতি মাইনুর ইসলাম ছোঠন, সাধারণ সম্পাদক সোহেল রানাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।