নাগরিক সেবা নিশ্চিত, বেকারত্ব দূরীকরণ, কৃষি উন্নয়ন এবং দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার
বগুড়ার মোকামতলা উপজেলার ৫নং দেউলী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ইঞ্জিনিয়ার আবু সিনা। তিনি গাংনগর এ এম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং বগুড়া পলিটেকনিক ছাত্র সংসদের সাবেক কো-অর্ডিনেটর।
নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় ও গণসংযোগ করছেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।
শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গাংনগর বাজারে ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আবু সিনা বলেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলে ৫নং দেউলী ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্টসহ প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন এবং দীর্ঘদিনের জনদুর্ভোগ পর্যায়ক্রমে নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
তিনি আরও বলেন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মাতৃত্বকালীন ভাতাসহ সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে পৌঁছে দেওয়া হবে। সরকারি কোনো ভাতা পেতে কাউকে অর্থ দিতে হবে না। ভাতা বিতরণে অনিয়ম, দুর্নীতি ও অর্থ লেনদেনের কোনো সুযোগ রাখা হবে না।
শিক্ষা ও কর্মসংস্থানের বিষয়ে তিনি বলেন, অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন যেন ব্যাহত না হয়, সে জন্য স্থানীয়ভাবে শিক্ষা সহায়তার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ইউনিয়নের বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা করবেন।
কৃষি উন্নয়নের বিষয়ে ইঞ্জিনিয়ার আবু সিনা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই দেউলী ইউনিয়নের প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। সরকারি কৃষি প্রণোদনা, অনুদান ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রকৃত কৃষকদের কাছে পৌঁছে দিতে কাজ করবেন। কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাঁদের সমস্যা ও প্রয়োজন সম্পর্কে খোঁজখবর নিয়ে কৃষি উন্নয়নে ভূমিকা রাখবেন।
মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করা হবে। পাশাপাশি নারীদের নিরাপত্তা, সম্মান ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আবু সিনা বলেন, “ইউনিয়ন পরিষদ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতিষ্ঠান নয়, এটি সাধারণ মানুষের সেবাকেন্দ্র। নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সব নাগরিকের জন্য সমানভাবে কাজ করতে চাই। জনগণের মতামত ও পরামর্শকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং পরিষদের প্রতিটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করব।”
তিনি আরও বলেন, “আমি ৫নং দেউলী ইউনিয়নকে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও দুর্নীতিমুক্ত করে একটি আধুনিক, উন্নত ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের সহযোগিতা ও ভালোবাসা পেলে ইনশাআল্লাহ এ লক্ষ্য বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করব।”
পরিশেষে তিনি ৫নং দেউলী ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।