মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:
শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে আবারো বেসরকারি ফলাফলে মেয়র নির্বাচিত হয়েছেন তৌহিদুর রহমান মানিক। তিনি টানা তিনবার মেয়র নির্বাচিত হলেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক মোট ১১ টি কেন্দ্রের ফলাফলে (নারিকেল গাছ) প্রতীকে ভোট পেয়েছেন ৮ হাজার ১৩১। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রিজ্জাকুল রহমান রাজু (হ্যাঙ্গার) প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৪১০ ভোট। এছাড়া হামদান মন্ডল (জগ) প্রতীকে ১৭২ ভোট ও আব্দুল খালেক (মোবাইল ফোন) প্রতীকে পেয়েছেন ২১০ ভোট।
শনিবার (৯ মার্চ) ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলো থেকে ফলাফল সংগ্রহ করে রিটার্নিং অফিসার ও বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বেসরকারি এই ফলাফল ঘোষণা করেন।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় শিবগঞ্জ পৌরসভার উপনির্বাচনে শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট চলাকালে ১১ টি কেন্দ্রের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উপনির্বাচনে ১১টি কেন্দ্রের মধ্যে ১০টিই ছিল অস্থায়ী। প্রতিটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করে প্রশাসন। একারণে ইতিপূর্বে প্রত্যেক কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, বেসরকারিভাবে নারিকেল গাছ প্রতীকের প্রার্থী তৌহিদুর রহমান মানিক নির্বাচিত হয়েছেন। নির্বাচনী এলাকার পরিবেশ ভালো আছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, উপনির্বাচন ঘিরে ৯জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ৯টি ওয়ার্ডে সার্বক্ষণিক নির্বাচন তদারকির দায়িত্ব পালন করছেন। ২ প্লাটুন বিজিবি, র্যাব, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
প্রসঙ্গত, শিবগঞ্জ পৌরসভার মেয়র পদে ভোটযুদ্ধে অংশ নেওয়া চার প্রার্থীর মধ্যে তৌহিদুর রহমান মানিক মেয়র পদ থেকে পদত্যাগ করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে দলের মনোনীত প্রার্থী হয়েছিলেন। এতে পৌরসভার মেয়র পদ শূন্য হলে নির্বাচন কমিশন উপনির্বাচনের তারিখ ঘোষনা করেন।