রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে দৈনিক কালবেলা পত্রিকার রাজবাড়ী পাংশা উপজেলা প্রতিনিধি মো. শামীম হোসেনের নামে ঢাকায় মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানবন্ধ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় পাংশা শহরের আ: মালেক প্লাজার সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ এই মানববন্ধনের আয়োজন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধনে পাংশা উপজেলা প্রেসক্লাবের আহবায়ক এম এ জিন্নাহর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পদক দৈনিক সমকালের রাজবাড়ী প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, জেলা রিপোটার্স ইউনিটির সভাপতি যুগান্তর পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি হেলাল মাহমুদ, কালুখালী প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক, যমুনা টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি রুবেলুর রহমান, কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি শেখ মমিন প্রমুখ। এসময় দৈনিক প্রথম আলো গোয়ালন্দ প্রতিনিধি এম রাশেদুল হক, দৈনিক দেশ রূপান্তর রাজবাড়ী প্রতিনিধি আব্দুল হালিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন কোথায় রাজবাড়ী আর কোথায় যাত্রাবাড়ী। রাজবাড়ীর একটা উপজেলার সাংবাদিক শামীমের নামে যাত্রবাড়ী থানায় যে মামলা হয়েছে এটা খুবই হতাশজনক। এর আগে বিভিন্ন সময় সাংবাদিকদের হেনেস্তা করার জন্য তাদের নামে মানহানির মামলা, চাঁদাবাজীর মামলা করা হয়েছে। আর এখন মামলা করা নতুন পথ বেছে নিয়েছে। অবিলম্বে এই হয়রানী মুলক মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান তারা।
উল্লেখ্য, রাজধানী ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে আব্দুল্লাহহ বাবু নামে এক ব্যক্তি চোখ হারান। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা আব্দুল বারিক শেখ বাদী হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামালসহ ৮৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০-থেকে ১৫০ জনকে আসামি করে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। মামলায় সাংবাদিক শামীম হোসেন ৫৮ নম্বর আসামি।