মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী :
রাজবাড়ীতে দৌলতদিয়ার যৌনপল্লীতে পান সিগারেট ব্যবসায়ী নজরুল বেপারী (৪৫) হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৮ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) শরীফ আল রাজীব।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়ার রনি মিয়া (২২) এবং একই গ্রামের ইসমাইল মোল্লা (২০)।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ২৪ জুন ভোরে উত্তর দৌলতদিয়া ইমান খার পাড়া এলাকায় রেলওয়ের সীমানার পাশে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। তার পর থেকে এই হত্যা কান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চালায় পুলিশ। এই হত্যাকান্ডের সাথে জড়িদের গ্রেপ্তারের জন্য গোয়ালন্দ ঘাট থানা পুলিশের দুই টিম গাজীপুরের শ্রীপুর ও ঢাকার সাভার রেডিও কলোনী এলাকা অভিযান পরিচালনা করা । সেখান থেকে গত ২৬ জুন রাত দুইটার দিকে গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে রনি মিয়া ও ভোরে সাভার থানার রেডিও কলোনী এলাকা থেকে ইসমাইল মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
তারা জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় গেছে নজরুলের সঙ্গে জুয়া খেলাকে কেন্দ্র করে আসামীদের সাথে হাতাহাতি হয়। গত ২৩ জুন রাতে ১২টার দিকে নজরুল তার দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন। এমন সময় গ্রেপ্তার আসামী ও অজ্ঞাত আসামীরা নজরুলকে কুপিয়ে হত্যা করেন। গ্রেপ্তারকৃত আসামীদের দেখানো মতে হত্যাকান্ডে ব্যবহৃত ১টি ধারাল দা, একটি স্টিলের ছুড়ি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।