দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদে নাগরিকতা-ফেসিং প্রকল্পের আওতায় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধিবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) আয়োজনে এবং ডেমক্রেসিওয়াচ, দিনাজপুরের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিউর রহমান প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, সচিব, সহকারী হিসাবরক্ষক ও উদ্যোক্তাসহ মোট ১৮ জন অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে জনপ্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-এর ৫ ও ১৬ নম্বর লক্ষ্যমাত্রা, স্থানীয় সরকার ব্যবস্থায় এসডিজির গুরুত্ব ও বাস্তবায়নে জনপ্রতিনিধিদের ভূমিকা, নাগরিক প্ল্যাটফর্মের উদ্দেশ্য ও কার্যক্রম, তথ্য অধিকার আইন, নাগরিক সেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং জন্মনিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে বক্তব্য দিতে গিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিউর রহমান প্রামানিক বলেন, এ প্রশিক্ষণ জনপ্রতিনিধিদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে হবে। পাশাপাশি অভিভাবকদের সচেতন করে সন্তানদের সঠিক পথে পরিচালিত করতে উদ্বুদ্ধ করতে হবে, যাতে তারা বিপথগামী না হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইউপি সদস্য আজহার আলী ও শাপলা খাতুন তাঁদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে তাঁরা নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পেয়েছেন। অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে তাঁদের দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সবুজ সরকার। ডেমক্রেসিওয়াচের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মোঃ মোফাখ্খারুল ইসলাম। এছাড়া পার্বতীপুর নাগরিক প্ল্যাটফর্মের সদস্য মাহবুবা বেগম এবং সাংবাদিক মেনহাজুল ইসলাম তারেক উপস্থিত ছিলেন।
এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধিদের দক্ষতা ও জবাবদিহি বৃদ্ধির পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।