নরসিংদীর মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নের ডংগীপাড়া এলাকায় মাদক সেবন ও উশৃঙ্খল আচরণের দায়ে দুই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (৮ মার্চ) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মো. কাজল (৬০) ও বোরহান (৪৫) নামের দুইজনকে গাঁজা সেবন ও উশৃঙ্খল আচরণের সময় আটক করা হয়।
পরে আদালত তাদের প্রত্যেককে দেড় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উভয়ের বাড়ি চরমান্দালিয়া ইউনিয়নে।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি কলকি, একটি গ্যাস লাইটার, একটি কাটলি এবং কিছু গাঁজা জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া। এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের “খ” সার্কেলের পরিদর্শক মো. মোফাজ্জল হোসেন।
প্রশাসন জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।