রাজবাড়ীতে “অটিজম কোনো সীমাবদ্ধতা নয় – প্রতিটি জীবন মূল্যবান” এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) সকাল দশটা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয়, এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে। এতে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন এস.এম মাসুদ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস) মো. শামসুল হক। অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জেলা রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু, বালিয়াকান্দি উপজেলা এ্যাসেভ-এর নির্বাহী পরিচালক শাজাহান সিদ্দিক, রাজবাড়ী প্রতিবন্ধী ও সমাজসেবা কেন্দ্রের কনসালটেন্ট নাছির উদ্দিন আহম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন, সাধারণত গর্ভকালীন সময়ে মায়ের অযত্ন বা পুষ্টির অভাবে অটিজম শিশু জন্ম হয়ে থাকে। বয়স ভিত্তিক কারণেও অটিজম হয়ে থাকে। এক সময়ে অটিজম শিশুরা তার পরিবারের কাছে বোঝা হয়ে চেপে বসত। এখন আর তা নয়। অটিজম শিশুর মধ্যেও কিছু প্রতিভা রয়েছে। আমাদেরকে তাদের যত্ন নিতে হবে। রাজবাড়ীতে এই শিশুদের জন্য স্বপ্নডাঙ্গা নামে একটি বিদ্যালয় করা হয়েছে। সরকার থেকে নানা ধরণের উদ্যোগ নেওয়া হচ্ছে। গর্ভধারনের পর মায়েদের বিশেষ যত্ন নেওয়ার মাধ্যমে এই রোগ থেকে কিছুটা হলেও হ্রাস পাওয়া যায়।
আলোচনা শেষে ৭টি হুইল চেয়ার ও কিছু খেলনা উপকরণ বিতরণ করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের করা হয়।