“ জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাই উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’।
মঙ্গলবার সকাল ১০টায় কালাই উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা আনুষ্ঠানিকভাবে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা জনগণের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভূমিসেবা ডিজিটালাইজেশনের মাধ্যমে সাধারণ মানুষের ভোগান্তি কমে আসবে এবং ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে ইতিবাচক পরিবর্তন আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইব্রাহীম হোসেন এবং জিন্দারপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহসিলদার) মোঃ শহিদুল ইসলাম প্রমুখ।
তিন দিনব্যাপী এ মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে। মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য প্রদান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।