গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের ভিজিএফের আনুমানিক প্রায় ৫ টন চাল সাদুল্লাপুর উপজেলায় আটক করা হয়েছে। মঙ্গলবার (১৯ মে) বিকেলে সাদুল্লাপুর ডিগ্রি কলেজ রোড এলাকায় সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়ন থেকে ব্যাটারিচালিত অটোর মাধ্যমে চালগুলো পাচারের সময় গণমাধ্যমকর্মীদের সন্দেহ হলে চাল বহনকারীদের জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে জানা যায়, এগুলো ভিজিএফের সরকারি চাল। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে সাদুল্লাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জসীম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ৫টি অটোসহ চালগুলো জব্দ করেন এবং সেগুলো সাদুল্লাপুর থানায় নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি সহায়তার এই চাল সন্দেহজনকভাবে অন্য উপজেলায় পরিবহন করা হচ্ছিল। এ ঘটনায় স্থানীয়দের মাঝে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে—ভিজিএফের চাল কীভাবে অন্য উপজেলায় এলো, কার নির্দেশে পরিবহন করা হচ্ছিল এবং এর সঙ্গে কারা জড়িত।
প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানা গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল।