রাজবাড়ীর গোয়ালন্দে ফারুক শেখ (৪৬) নামে এক ব্যক্তিকে গলাকেটে হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ।
এই ঘটনায় নিহতের ছোট ভাইসহ তিনজনকে আটক করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) বিকেলে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তার আসামিরা হলেন, নিহতের ভাই বারেক শেখ (৪৪), গোয়ালন্দ উপজেলার হোসেন মন্ডল পাড়ার ওয়াজেদ সরদারের ছেলে আলমগীর হোসেন (২৬) ও বাবু শেখের ছেলে রুবেল শেখ (৩০)।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শামসুল হক জানান, পারিবারিক কলহ ও অর্থ আত্মসাতের জন্য বড়ভাই ফারুককে হত্যার পরিকল্পনা করেন ছোট ভাই বারেক শেখ। পরিকল্পনা অনুযায়ী সামান্য টাকায় দুইজন রিক্সাচালক সহকর্মীকে ভাড়া করেন বারেক। শনিবার (২২ আগস্ট) দুপুরে ফারুক শেখের বসত বাড়ির শয়নকক্ষে প্রবেশ করে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তারা।
পুলিশ জানায়, ঘটনার দিনই নিহতের বাবা খালেক শেখ বাদী হয়ে গোয়ালন্দ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তারই প্রেক্ষিতে অভিযান চালিয়ে প্রথমে বারেক শেখকে গ্রেপ্তার করাহ হয়। পরে তার কথা অনুযায়ী আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদে দেওয়া তথ্য অনুুযায়ী হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র ও বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে আসামিরা জানান এই হত্যাকান্ডের জন্য মাত্র তিন হাজার টাকা পেয়েছেন তারা। গ্রেপ্তার আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম, গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলামসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।