দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কানন বালা বিশ্বাস (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার মন্মথপুর ইউনিয়নের কৈবত্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ভবেশ চন্দ্র বিশ্বাসের স্ত্রী।
স্থানীয়দের ভাষ্য, শুক্রবার সকালে কানন বালা তাঁর স্বামী ও ছেলেকে নিয়ে বাড়ির পাশের রোপা আমনখেতে নিড়ানি দিতে যান। ক্ষেতের পাশেই ছিল কিশোর কুমার দাসের গভীর নলকূপের বৈদ্যুতিক সংযোগ লাইন। দুপুরের দিকে স্বামী ও ছেলে কাজ শেষ করে বাড়িতে ফিরে গেলেও কানন বালা ঘাস কাটার জন্য সেখানে থেকে যান।
এক পর্যায়ে ঘাস কাটতে গিয়ে মাটিতে পড়ে থাকা একটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সংযোগ বন্ধের আবেদন করেও সুফল মেলেনি, অভিযোগ স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় এক মাস আগে গভীর নলকূপটির বিদ্যুৎ সংযোগ লাইনের তার চুরি হয়ে যায়। এরপর ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখার আবেদন করা হয়েছিল। তবে অভিযোগ, সংযোগ বিচ্ছিন্ন না করায় তারটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে ছিল। এর ফলেই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি স্থানীয়দের।
তাঁদের অভিযোগ, বিদ্যুৎ বিভাগের দায়িত্বশীলদের অবহেলার কারণেই একজন নিরীহ গৃহবধূকে প্রাণ হারাতে হয়েছে। তাঁরা ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এলাকায় ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বিদ্যুৎ লাইন দ্রুত সংস্কার ও নিরাপদ করার দাবি জানিয়েছেন।
কানন বালা বিশ্বাসের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। নিহতের স্বজন ও এলাকাবাসী ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং পরিবারটির পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি।