রাজবাড়ীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে মঙ্গলবার দিবাগত রাতে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সামসুল আরেফিন চৌধুরী নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ওই ফেসবুক পোস্ট দেওয়ার এক মাস পর গত সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় রাজবাড়ী সদর থানায় লিখিতভাবে অভিযোগ দেন।
গ্রেপ্তার নারীর নাম সোনিয়া আক্তার স্মৃতি। তিনি রাজবাড়ী ব্লাড ডোনার্সের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা মহিলা দলের সদস্য। মহিলা দলের সদস্যের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি শহরের তিন নম্বর বেড়াডাঙ্গা এলাকায় ভাড়া বাড়িতে বসবাস করেন। তাঁর স্বামী প্রবাসী।
সামসুল আরেফিন চৌধুরী রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক। তাঁর বাড়ি সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর গ্রামে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩১ আগস্ট সোনিয়া আক্তার তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের সমালোচনা করে ‘আপত্তিকর’ কথা লেখেন। অনেকে পোস্টটি দেখায় প্রধানমন্ত্রীর সুনাম ক্ষুন্ন ও মানহানি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘তাঁর বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে স্মৃতি ইসলামকে জামিন নামঞ্জুর করে জেলে পাঠানোয় তীব্র নিন্দা জানানো হয়েছে।