রাজবাড়ী ঃ
রাজবাড়ীতে ‘নারী ও কন্যা শিশু নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মান করি’ প্রতিপাদ্য সামনে রেখে মহিলা পরিষদের উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গতকাল শনিবার বিকেলে শহরের পান্না চত্বর সংগঠনের কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. পূর্ণিমা দত্ত। এতে বক্তব্য দেন সংগঠনের জেলা কমিটির সাবেক সভাপতি লাইলী নাহার, সাধারণ সম্পাদক ক্রিস্টিনা মারিও রেখাদাস, আইনজীবী নাজমা সুলতানা, সদর উপজেলা কমিটির সভাপতি নূরতাজ তাজিয়া প্রমূখ। এসময় জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে চলতি বছরের ১০ মাসের জেলার নারী নির্যাতনের চিত্র তুলে ধরা হয়। এতে বলা হয়, রাজবাড়ীতে জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত মোট ২১জন নারী খুন হয়েছে। নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ১৪৬টি। ধর্ষণ হয়েছে ১৪টি। অপহরণের ঘটনা ঘটেছে জেলায় মোট ১০টি। এছাড়া মাদক দ্রব্য নিয়ে জেলায় ১০ মাসে মোট ৫১১টি। এছাড়া আরও বলা হয়, আদালতে চলতি বছর যৌতুক মামলা হয়েছে ৬৩৩টি। নারী ও শিশু নির্যাতন মামলা হয়েছে ৩১৪টি। মানব পাচার মামলা হয়েছে ১১টি।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এই পরিসংখ্যান বিভিন্ন জাতীয় পত্রিকা, স্থানীয় পত্রিকা ও অনলাইন থেকে সংগ্রহ করা হয়েছে। তবে কারও কারও মতে প্রকৃত চিত্র আরও বড়। যেসব ঘটনা মামলা বা আদালত পর্যন্ত গড়িয়েছে বা আলোচিত হয়েছে এটি তার চিত্র। এসব থেকে মুক্তির জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। সচেতনতা তৈরি করতে হবে আমাদের ঘর থেকে। ফেসবুক বা মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে কিশোরী বা নারীদের অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়া থেকে বিরত থাকতে হবে। যে কোনো সমস্যা বা সম্পর্ক তৈরির ক্ষেত্রে বাড়ির স্বজনদের সঙ্গে আলোচনা করতে হবে।