মোস্তফা কামাল মামুন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এক টাকার রেস্তোরাঁ উদ্বোধন করা হয়েছে। কুড়িগ্রামের সদর উপজেলার চরসুভারকুটি গ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিজস্ব জায়গায় গতকাল বৃহস্পতিবার রেস্তোরাঁটি উদ্বোধন করা হয়। এর মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষ এক টাকার বিনিময়ে খেতে পারবে ভাত-ডাল, মাছ-মাংস, সবজি ও ফল।
কুড়িগ্রাম জেলার অসহায়, দারিদ্র্যপীড়িত ও গৃহহীন মানুষ যারা তিন বেলা খেতে পারে না, তাদের জন্য এই রেস্তোরাঁ চালু করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। এখানে এক সঙ্গে ৫০ জন মানুষ বসে খেতে পারবে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের মুখপাত্র সালমান খান ইয়াছিন বলেন, রেস্তোরাঁ উদ্বোধনের প্রথম দিন সুভারকুটি এলাকার ৫০০ জন মানুষ মাত্র ১ টাকা দিয়ে তাদের পছন্দমতো খাবার খেয়েছে। আপাতত সপ্তাহে দুই দিন রেস্টুরেন্টের কার্যক্রম চলবে। সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে এক টাকা খাবার রেস্তোরাঁ প্রতিদিন চালু রাখা সম্ভব। কুড়িগ্রামে এক টাকার রেস্তোরাঁটি একটি মডেল মাত্র। দেশের বিভিন্ন এলাকায় এই ধরনের কার্যক্রম চালু করা গেলে ক্ষুধার্ত মানুষের কষ্টের যেমন মুক্তি মিলবে, পাশাপাশি পুষ্টিজনিত রোগ থেকে মুক্তি মিলবে দরিদ্র মানুষের।