নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
দেশে অস্বাভাবিকহারে দ্রব্যমূল্য বৃদ্ধি ও সরকারী দলের দূর্নীতি লুটপাটের কারণে অর্থনৈতিক খারাপ অবস্থায় মানুষের মনে ঈদের আনন্দ নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ১ মিরসরাই আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ মনোনীত প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব নুরুল আমিন।
ঈদের দ্বিতীয় দিন আজ রবিবার (২৩ এপ্রিল) বিএনপির নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, যেভাবে দেশে অর্থনৈতিক অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, সেখানে আনন্দের সঙ্গে ঈদুল ফিতর পালন করা সম্ভব হচ্ছে না। মানুষের মধ্যে ঈদের আনন্দ নেই। বর্তমানে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আসামি করা হয়েছে, ছয় শতাধিক নেতাকর্মীকে গুম করা হয়েছে। সহস্রাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এরকম একটা চরম আওয়ামী ফ্যাসিবাদী শাসনে আজকে গণতান্ত্রিক অধিকারকে সম্পূর্ণভাবে হরণ করা হয়েছে। মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ৫নং ওসমান পুর নুরুল আমিন চেয়ারম্যানের বাড়িতে ঈদের শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।
সকাল থেকে বিকাল সন্ধ্যা পর্যন্ত বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীরা এসে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।