রাজবাড়ী প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৩ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্য (বাংলা ও ইংরেজি ভাষা) ক্যাটাগরিতে কলেজ পর্যায়ে দেশ সেরা মেধাবী শিক্ষার্থীর গৌরব অর্জণ করেছে কুইন।
১১ জুন রোববার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর হাতে পুরস্কার তুলে দেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ ২০২৩ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুইন বক্তব্য রাখেন, গান পরিবেশন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এম পি , শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এম পি।
কুইন রাজবাড়ী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে ভালো গান গাইতে পারে। তাঁর বাড়ি রাজবাড়ী শহরের সজ্জনকান্দার এক নম্বর বেড়াডাঙ্গায়। কুইন গত বছরও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় দেশ সেরা শিক্ষার্থী হয়ে ছিল। তিনি একই বছর জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। কুইন প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার বন্ধু ও তাঁর মা ডাঃ আবুল হোসেন কলেজের সহযোগি অধ্যাপক শামীমা আক্তার মুনমুন, তিনি রাজবাড়ী রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি, প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার সাবেক সভাপতি। কুইনের নানা বীরমুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি। কুইনের যমজ বোন এরিন প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। কুইন সেরা শিক্ষার্থী হিসেবে জাপান সফর করেছে।
কুইনের মা সহযোগি অধ্যাপক শামীমা আক্তার মুনমুন বলেন, মা হিসেবে এটা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। কুইনকে মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কাজের সঙ্গে সে জড়িত। শিশুদের নিয়ে কাজ করার খুব আগ্রহ। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে কুইন যেন দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে নিজেকে তৈরি করতে পারে, সবার কাছে সেই দোয়া কামনা করি।
কুইন বলেন, এতে আমি খুব আনন্দিত। আমি গর্বিত। আমি গতবছর বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছিলাম। সেরাদের মধ্যে সেরা হওয়া সত্যিই খুব ভালো লাগার বিষয়। আর এবার পুরস্কার পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। সবার কাছে কৃতজ্ঞ।