রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । বুধবার (১৬ আগষ্ট) উপজেলার চৌমাথা সড়ক এলাকায় বেলা সাড়ে ১১ টার দিকে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।
বালিয়াকান্দি প্রেসক্লাব, জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দের ব্যানারে এই কর্মসূচি আয়োজন ।
দৈনিক ভোরের কাগজ পত্রিকার বালিয়াকান্দি প্রতিনিধি শহিদুল আলম মিয়ার বিরুদ্ধে জামালপুর পেঁয়াজ বাজারের সিন্ডিকেটের মূল হোতা অসাধু পেঁয়াজ আড়তদার তৈয়ব আলী মন্ডলের দায়ের করা হয়রানীমূলক মামলা প্রত্যাহার ও তৈয়ব মন্ডলের শাস্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয় ।
বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, সহসভাপতি সঞ্জিত কুমার দাস, মেহেদী হাসান, বালিয়াকান্দি উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানা, বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়া, সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমূখ ।
কর্মসূচিতে রাজবাড়ী জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন ।
মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলামের কাছে স্মারকলিপি পেশ করা হয় । তিনি এবিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ।
বক্তারা বলেন, কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল ফলায় । উৎপাদিত ফসল বাজারে বিক্রি করতে আনলে পেঁয়াজসহ বিভিন্ন ফসলের ধলতা দিতে হয় । প্রতি মণে দুই থেকে তিন কেজি বেশি নেওয়া হয় । প্রতিবাদ করলে কৃষকদের মারধর করা হয় । কিছুদিন আগে জামালপুর বাজারের আড়তদারেরা কৃষককে মারধর করেছে । এ ঘটনার তথ্য সংগ্রহ করতে যাওয়ার স্থানীয় সংবাদকর্মীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে । অবিলম্বে এই মামলাটি প্রত্যাহার করতে হবে এবং মিথ্যা মামলা দায়েরকারীকে শাস্তির আওতায় আনতে হবে ।